
আল ইমরান শেখ, বিশেষ প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় প্রথমবারের মতো ব্ল্যাক রাইস (কালো ধান) চাষ করে নতুন সম্ভাবনার দ্বার খুলেছেন কৃষক রহমত আলী। প্রচলিত ধানের পাশাপাশি ব্যতিক্রমী এই পুষ্টিগুণসম্পন্ন ধান চাষে তিনি ইতোমধ্যে আশার আলো দেখছেন।
উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের শেখ রহমত আলী, পেশায় একজন ঔষধ ব্যবসায়ী হলেও কৃষির প্রতি তার আগ্রহ দীর্ঘদিনের। সেই আগ্রহ থেকেই প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন ওষধিগুণসম্পন্ন ব্ল্যাক রাইস বা কালো ধান। ইতোমধ্যে তার জমিতে এ ধানের ভালো ফলন দেখা গেছে।

কৃষক রহমত জানান, ইউটিউব দেখে ও উপজেলা কৃষি অফিসের পরামর্শে অনলাইন থেকে এক কেজি ব্লাক রাইস ধান কিনি। অন্য ধানের পাশাপাশি ১০ শতক জমিতে এবারই প্রথম ব্লাক রাইস ধান চাষ করেছি।
তিনি আরও বলেন, ব্ল্যাক রাইস পুষ্টিগুণে ভরপুর, বিশেষ করে এতে জিঙ্কের পরিমাণ বেশি। এই চালের ভাত রক্তে শর্করা ও কোলেস্টেরল বৃদ্ধি করে না, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী।
জয়পুর গ্রামের কৃষক মাস্টার মওদুদ বলেন, ব্যবসার পাশাপাশি শখের বসে বিভিন্ন জাতের ধানের চাষ করি। আমাদের ইউনিয়নে ব্ল্যাক রাইসের কথা শুনে দেখতে আসছি। ধানটি দেখে ভালো লেগেছে, তাই এখান থেকে বীজ সংগ্রহ করে আগামী বছর এ ধানের চাষ করবো।
উপসহকারী কৃষি অফিসার নাঈম শেখ বলেন, কৃষক শেখ রহমত আলী প্রথমে ব্ল্যাক রাইস চাষ সম্পর্কে জানতে আগ্রহ দেখান। পরবর্তীতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হলে তিনি অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে উপজেলা কৃষি অফিসের পরামর্শে সফলভাবে চাষ করেন।