
সারা বাংলাদেশের উদ্বোধনকৃত ৩৫০টি মডেল মসজিদের ইমামদের অংশগ্রহণে অনুষ্ঠিত অনলাইন নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াইলের কালিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম ও খতিব মুফতি ওহিদুজ্জামান সরদার।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশেষভাবে তৈরি একটি ওয়েবসাইটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশের মডেল মসজিদের ইমামদের নিয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩২৩ জন। তাঁদের মধ্যে ৩০৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৯৩ দশমিক ৮১ শতাংশ।
নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মুফতি ওহিদুজ্জামান সরদার ৩০৩টি প্রদত্ত ভোটের মধ্যে ২৮৪টি ভোট পেয়ে নির্বাচিত হন। যা মোট প্রদত্ত ভোটের প্রায় ৯৩ দশমিক ৭৩ শতাংশ।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোটারদের গোপনীয়তা নিশ্চিত ও নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষভাবে তৈরি একটি নতুন ওয়েবসাইট ব্যবহার করা হয়। অনলাইনে ভোট গ্রহণ ও ফলাফল নির্ধারণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আহমেদ মাসরুর। মহাসচিব নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম মুফতি তরিকুল ইসলাম।
এ ছাড়া অর্থ সম্পাদক পদে গাইবান্ধা জেলা মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম আজহারী এবং দপ্তর সম্পাদক পদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মাকসুদুল আলম নির্বাচিত হয়েছেন।
সারা দেশের মডেল মসজিদের ইমামদের এই নির্বাচনে নড়াইলের কালিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি ওহিদুজ্জামান সরদারের সর্বোচ্চ ভোটপ্রাপ্তি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
দেশব্যাপী ইমামদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হলো। নির্বাচিত প্রতিনিধিরা মডেল মসজিদের ইমামদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা, ঐক্য ও সমন্বয় বৃদ্ধিতে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মুফতি ওহিদুজ্জামান সরদার বলেন, ‘আলহামদুলিল্লাহ, সারা দেশের মডেল মসজিদের সম্মানিত ইমামরা আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করেছেন, তা আমার জন্য অত্যন্ত সম্মানের। আমি এই দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছি। দেশের সব মডেল মসজিদের ইমামদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।