
যে কথা শোনে না মানুষ
সৈয়দ আহসান কবীর
—————————————————————
যে কথা শোনে না মানুষ, তাতে ভর করে আশরীরি আত্মা—
ভর করে ইচ্ছে, ভর করে ভয়।
ডরে উড়েঘুরে দোল খায় স্বপ্নের আকাশে,
কড়া রোদে ফেটে যাওয়া বেদনার দরজায়।
সেখানেই দুঃস্বপ্নের ভেতর জেগে থাকে আশা,
জেগে থাকে ভরসা—ইচ্ছের আগুনে পোড়া বিপ্লবী ফসিল।
.
এই ভরসার নাম দিতে পারো মরীচিকা,
এই আশার নাম দিতে পারো আলেয়া।
তবু একদিন আশা-আলেয়ার গ্রাফিতি
আলো হয়ে জেগে থাকে দেয়ালে দেয়ালে।
.
তুমি কি এখন কোনো গ্রাফিতির কথা ভাবছো?
জেনে রেখো—মানুষের না-শোনা কথায় ভর করা
আশরীরি আত্মা এখন সেখানেই আছে।
তাকে জাগিয়ে রেখো; সভ্যতা পাবে, পাবে শান্তির দিশা।
কারণ, যে কথা শোনে না মানুষ সেই কথার ভয় থেকেই
জ্বলে ওঠে বিপ্লবী আগুন—
আর সেই আগুনেই গড়ে ওঠে শান্তির সভ্যতা।