
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাঘপাশা গ্রামে গ্রীষ্মকালীন গ্রাফটিং বারি-৮ জাতের টমেটো চাষ করে লাভবান হয়েছেন তিন কৃষক। তারা হলেন মো. রুহুল আমিন মানিক মিয়া, মো. হানিফ মিয়া এবং মো. মোয়াজ্জেম হোসেন।
প্রায় ৫০ শতক জমিতে ‘সবজি প্রদর্শনী (নন-ক্রিপার)’ ফ্রিপ প্রকল্পের আওতায় তারা টমেটো চাষ করেছেন। এতে ব্যবহৃত হয়েছে মালচিং পেপার ও হলুদ ফাঁদ। পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহার করায় উৎপাদিত টমেটো সম্পূর্ণ বিষমুক্ত হয়েছে।
স্থানীয় বাজারে প্রতি কেজি টমেটো ১২০–১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকাররা এই টমেটো শহরের বাজারে নিয়ে প্রতি কেজি ১৭০–২০০ টাকা দরে বিক্রি করছেন।
কৃষকরা জানান, দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীমের পরামর্শে মৌলভীবাজার থেকে প্রতি পিস ১০ টাকা দরে বারি-৮ জাতের গ্রাফটিং চারা সংগ্রহ করে গত জুনের শেষ দিকে রোপণ করা হয়। জুলাই মাসের শেষ থেকে বিক্রি শুরু হলে ভালো লাভ আসতে থাকে।
প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে চাষ করে তারা এখন পর্যন্ত দেড় লক্ষ টাকার টমেটো বিক্রি করেছেন। আরও প্রায় ৫০ হাজার টাকার টমেটো বিক্রির সম্ভাবনা রয়েছে। তাই তারা আগামীতে আরও বেশি জমিতে এই জাতের টমেটো চাষের পরিকল্পনা করছেন।
এলাকার কৃষকেরা বলছেন, পরিকল্পিতভাবে ফসল চাষ করলে লাভবান হওয়া সম্ভব। এই সাফল্য দেখে তারাও গ্রাফটিং বারি-৮ টমেটো চাষে আগ্রহী হচ্ছেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামীমুল হক শামীম জানান, রাঘপাশা গ্রামে প্রথমবারের মতো এই প্রকল্পের আওতায় গ্রাফটিং টমেটো চাষ শুরু হয়। কৃষকরা একে একে যুক্ত হয়ে এখন সফল হচ্ছেন।