
গাজীপুরে বাম গণতান্ত্রিক জোট, মব সন্ত্রাস, খুন-ধর্ষণ রুখে দেওয়া ও গ্রীনল্যান্ডে গার্মেন্ট শ্রমিক হত্যার বিচারের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। সংস্কারের নামে গণবিরোধী কার্যকলাপ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাম নেতারা।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় গাজীপুরের পৌর সুপার মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাজীপুর জেলা সিপিবির সাধারণ সম্পাদক, বামজোটের সমন্বয়ক শ্রমিকনেতা কাজী মো. রুহুল আমিন বলেন, কেউ ধার্মিক সেজে কেউ কওমি জননি সেজে বাংলাদেশে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটিয়েছে। আর মার্কিন সাম্রাজ্যবাদসহ আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি নানা ধরনের সেবা ও উন্নয়নের নামে পুঁজি বিনিয়োগ করে সাম্রাজ্যবাদের এজেন্ট দিয়ে বিভিন্ন সেকশনে বিভিন্ন কর্মী বাহিনী তৈরি করেছে।
এভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির উত্থান ঘটিয়েছে। এখন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব নস্যাৎ করে দেশকে আরো অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, লুটপাট, বাজার সিন্ডিকেট, হত্যা, সন্ত্রাস করে জনগণকে অতিষ্ঠ করেছে।
জনগণ বারবার লড়াই করেছে। লড়াই করেছিল হাওয়া ভবনের বিরুদ্ধে। গণভবন আরো বেশি গণবিরোধী হওয়ায় সেখানে গণবিদ্রোহ হয়েছে। হাসিনা পালিয়ে গেছে কিন্তু স্বৈরতান্ত্রিক ব্যবস্থা, লুটপাটের ব্যবস্থা ও গণবিরোধী ব্যবস্থার পরিবর্তন হয় নাই। আমরা এখনো দেখছি, দেশে কী চলছে। এযাবৎকালের সব ক্ষমতাসীন পুঁজিবাদী শাসকরা এর জন্য দায়ী। তাই অতীতের ন্যায় ভবন ও ব্যক্তি বা দলের পরিবর্তন হলেই হবে না। নীতি ও ব্যবস্থার পরিবর্তন করে সমাজতন্ত্রের লক্ষ্যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানান তিনি।
সিপিবি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ও বাম জোটের সমন্বয়ক প্রখ্যাত শ্রমিকনেতা কাজী মো. রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির জেলা সভাপতি জয়নাল আবেদীন খান, বাসদ নেতা রাহাত আহমেদ ও বাসদ (মার্কসবাদী) নেতা মাসুদ রেজা প্রমুখ।