
বাংলাদেশ কৃষক সমিতি খাশিয়াল ইউনিয়ন কমিটির আয়োজনে মাটি ও উন্নত কৃষি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের বড়দিয়া বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান গবেষক (মৃত্তিকা বিজ্ঞান), ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ড. গাউস আজম। বিশেষ আলোচক ছিলেন গবেষক (মৃত্তিকা বিজ্ঞান), ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া কাঞ্চনা বিক্রমারাচ্চি। আলোচকরা মাটির গুণাগুণ রক্ষা, সুষম সার ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগ এবং টেকসই কৃষি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাটির স্বাস্থ্য ভালো থাকলে ফসল উৎপাদন বাড়বে এবং কৃষক অর্থনৈতিকভাবে লাভবান হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি. এম. বরকত উল্লাহ্, বাংলাদেশ কৃষক সমিতি নড়াইল জেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সুলতানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় কৃষকরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক সমিতির খাশিয়াল ইউনিয়ন কমিটির সভাপতি হারুন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীর রায়।
সভা শেষে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথি গবেষকরা এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক কৃষি চর্চায় কৃষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।