“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিন্নাতুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. রাফি, আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. পার্থ প্রতিম বিশ্বাস, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. তাজ মোহাম্মদ মল্লিক।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে পুষ্টি বৈষম্য দূরীকরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করতে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানো জরুরি। একটি সুস্থ, সবল ও স্বনির্ভর জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২৩ এপ্রিল শুরু হওয়া এ পুষ্টি সপ্তাহ আগামী ২৯ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পুষ্টিকর খাবার বিষয়ক আলোচনা এবং রন্ধন প্রতিযোগিতা।
পুষ্টি সপ্তাহকে ঘিরে উপজেলাজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।