
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নড়াইলের কালিয়া উপজেলায় মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ এবং মাতৃদুগ্ধ বিকল্প বিধি, ২০১৭ বিষয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের প্রচার, বিপণন ও ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন এবং বিধিমালার বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে উপস্থিত অংশগ্রহণকারীদের আইনটির উদ্দেশ্য, প্রয়োগ এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শোয়াইব, কালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইদ্রিস আলী, আরএমও পার্থ প্রতিম বিশ্বাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা বলেন, শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তী সময়েও পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর সুস্থ বৃদ্ধি ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সংশ্লিষ্ট আইন বাস্তবায়নও প্রয়োজন।