
চট্টগ্রাম নগরীর চাকতাই চালপট্টি এলাকায় লাইসেন্সবিহীন ব্যবসা, অস্বাস্থ্যকর পরিবেশে চাল মজুত ও অন্যান্য অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
রোববার (২২ জুন) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুমতাহিনার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে কয়েকটি পাইকারি চালের আড়তে লাইসেন্স ছাড়া ব্যবসা, চালান রেজিস্ট্রার না রাখা, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও নিম্নমানের চাল মজুতের প্রমাণ মেলে। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি, আরও দুই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ও বেআইনি মজুদদারি রোধে নিয়মিত এমন অভিযান চলবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।