
বাংলাদেশ ডাক বিভাগের সেবার মানোন্নয়ন ও সেবার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মে) চট্টগ্রাম জিপিও’র হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল মোঃ আল মাহবুব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত মহাপরিচালক (ডাক সার্ভিস) মোঃ জাকির হাসান নূর, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) খান হাসান মোহাম্মদ ইকবাল মাসুদ, পরিচালক (প্রশিক্ষণ ও গবেষণা) ড. মোহাম্মদ নিজাম উদ্দিন এবং পরিচালক (সঞ্চয় ও বীমা) মোঃ তৈয়ব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জিপিও’র সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহনুর সাব্বির, ডেপুটি পোস্টমাস্টার জেনারেল শরিফ মোহাম্মদ সাইফুল্লাহ, বান্দরবান পোস্টাল বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল গোপাল নাথসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পোস্ট অফিস পরিদর্শক এবং চট্টগ্রাম জিপিও’র সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে বাংলাদেশ ডাক বিভাগ গ্রাহকদের আধুনিক ও মানসম্মত সেবা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে দিবা ও নৈশ ভিত্তিক কার্যক্রম চালুর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালেট কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এর আগে মহাপরিচালক চট্টগ্রাম পূর্বাঞ্চল সার্কেল অফিস, বৈদেশিক ডাক চট্টগ্রাম, আগ্রাবাদ পোস্টাল কলোনি এবং চট্টগ্রাম জিপিও কম্পাউন্ডে নবনির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।