
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের চারজন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। দলটির পক্ষ থেকে করা পাঁচটি আবেদনের শুনানি শেষে চারটি আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে কমিশন।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী অ্যাডভোকেট মো. হানিফ মিয়া।
তিনি বলেন, ‘আমরা পাঁচটি সংসদীয় আসনের জন্য নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। শুনানি শেষে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।’
ইসির সিদ্ধান্তে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— নুর উদ্দিন (চট্টগ্রাম-১১), আনোয়ার হোসেন (ঢাকা-১৮), মনসুর আহমেদ সাকী (চাঁদপুর-২) এবং মুহা. শাহজাহান আলী তালুকদার (বগুড়া-৩)। তবে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুজিবর রহমান শামীমের মনোনয়নপত্র বাতিল বহাল রাখা হয়েছে।
মনোনয়ন বাতিলের বিষয়ে অ্যাডভোকেট হানিফ মিয়া জানান, এখন পর্যন্ত দলটির মোট ৩৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তা পরে তিনজনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। বাকি প্রার্থীদের বিষয়ে আগামীকাল রোববার থেকে পুনরায় আপিল কার্যক্রম শুরু হবে, যা আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে বলেও জানান তিনি।