
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে একটি ক্যাথলিক স্কুলে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। পরে হামলাকারী নিজ অস্ত্রের গুলিতে প্রাণ হারান।
বুধবার (২৭ আগস্ট) সকালে এই হামলা ঘটে বলে স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে। গ্রীষ্মকালীন ছুটি শেষে মাত্র দুই দিন আগে স্কুলটি খুলেছিল। প্রাথমিক স্তরের এই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে। স্কুলটি আনানসিয়েশন ক্যাথলিক চার্চের সঙ্গে যুক্ত এবং শহরের দক্ষিণ-পূর্বের একটি আবাসিক এলাকায় অবস্থিত।
পুলিশ জানিয়েছে, হামলাকারী কালো পোশাক পরা অবস্থায় রাইফেল হাতে স্কুলে প্রবেশ করে। ঠিক সেই সময় শিক্ষার্থীরা সকালের প্রার্থনায় অংশ নিচ্ছিল। এ সময় তিনি নির্বিচারে গুলি চালান।
ঘটনার পর অভিভাবকরা আতঙ্ক নিয়ে স্কুলে ছুটে আসেন। পুলিশের নিরাপত্তা টেপ পেরিয়ে অনেককে সন্তানদের নিতে ভেতরে ঢুকতে দেখা গেছে।
ঘটনার তদন্তে এফবিআই মাঠে নেমেছে বলে হোয়াইট হাউস জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, “হামলার শিকার সবার জন্য প্রার্থনা করুন।”