
চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) সৌদি আরবে ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল প্রায় ৫৮ লাখ। বাকি প্রায় ৯৫ লাখ ছিলেন সৌদি আরবে অবস্থানরত দেশীয় ওমরাহ পালনকারী।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেন। তাদের মধ্যে পুরুষের হার ৫৯ দশমিক ৪ শতাংশ এবং নারীর হার ৪০ দশমিক ৬ শতাংশ। মোট ওমরাহ পালনকারীর ২৮ দশমিক ৯ শতাংশ ছিলেন সৌদি নাগরিক।
আন্তর্জাতিক ওমরাহ পালনকারী প্রায় ৫৮ লাখ
প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৭৭ হাজার ৯০৪ জন এবং নারী ২৯ লাখ ৯১ হাজার ৩৬৭ জন। অর্থাৎ আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের হার ৪৮ দশমিক ২ শতাংশ এবং নারীর হার ৫১ দশমিক ৮ শতাংশ।
আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের সৌদি আরবে প্রবেশের প্রধান মাধ্যম ছিল বিমানপথ। মোট আগমনের ৮৬ শতাংশই বিমানপথে হয়েছে। এছাড়া ১৩ দশমিক ৬ শতাংশ স্থলবন্দর এবং শূন্য দশমিক ৪ শতাংশ সমুদ্রবন্দর ব্যবহার করেছেন।
দেশীয় ওমরাহ পালনকারী প্রায় ৯৫ লাখ
দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। তাদের মধ্যে সৌদি নাগরিক ৪৩ লাখ ৯৬ হাজার ৮২৮ জন, যা ৪৬ দশমিক ৫ শতাংশ। সৌদি নাগরিক নন এমন দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ৫০ লাখ ৬৭ হাজার ৬৬৮ জন, যা ৫৩ দশমিক ৫ শতাংশ।
দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল ৬২ লাখ ৬৫ হাজার ৮১০ জন বা ৬৬ দশমিক ২ শতাংশ। নারী ছিলেন ৩১ লাখ ৯৮ হাজার ৬৮৬ জন বা ৩৩ দশমিক ৮ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ৯০ লাখ ২৬ হাজার ১০৮ জন একবার ওমরাহ পালন করেছেন। আর ৪ লাখ ৩৮ হাজার ৩৮৮ জন একাধিকবার ওমরাহ পালন করেছেন।
পরিবারের সঙ্গেই বেশি ওমরাহ
দেশীয় ওমরাহ পালনকারীদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সদস্যদের সঙ্গে ওমরাহ পালন করেছেন। ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেন।
অঞ্চলভিত্তিক হিসাবে মক্কায় দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ অঞ্চলে ৪০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন ওমরাহ পালন করেন, যা মোটের ৪৩ শতাংশ।
এরপর রয়েছে রিয়াদ অঞ্চল। সেখানে ওমরাহ পালন করেন ২০ লাখ ২৬ হাজার ২৯ জন, যা মোটের ২১ দশমিক ৪ শতাংশ। সবচেয়ে কম দেশীয় ওমরাহ পালনকারী ছিল নর্দার্ন বর্ডারস অঞ্চলে—৪১ হাজার ৭১৮ জন, যা মোটের শূন্য দশমিক ৪ শতাংশ।
জানুয়ারিতে বিদেশি, ফেব্রুয়ারিতে দেশীয় ওমরাহ বেশি
আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়। ওই মাসে ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন আন্তর্জাতিক ওমরাহ পালন করেন, যা প্রথম প্রান্তিকের আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর ৩৮ দশমিক ৮ শতাংশ।
মার্চে আন্তর্জাতিক ওমরাহ পালনকারীর সংখ্যা কমে ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে দাঁড়ায়, যা ছিল তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
অন্যদিকে দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যা দেখা যায়। ওই মাসে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন ওমরাহ পালন করেন। জানুয়ারিতে দেশীয় ওমরাহ পালনকারীর সংখ্যা ছিল সবচেয়ে কম—১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।
বয়সভেদে ভিন্ন চিত্র
আন্তর্জাতিক ওমরাহ পালনকারীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীরা সবচেয়ে বড় অংশ, যা মোটের ১৮ দশমিক ৮ শতাংশ। আর ০ থেকে ১৪ বছর বয়সীদের অংশ সবচেয়ে কম, ৮ শতাংশ।
দেশীয় ওমরাহ পালনকারীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি, মোটের ২৫ দশমিক ৩ শতাংশ। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের অংশ ছিল সবচেয়ে কম—২ দশমিক ৮ শতাংশ।
মদিনায় ধর্মীয় উদ্দেশ্যে দর্শনার্থীও কয়েক লাখ
প্রতিবেদনে মদিনায় ধর্মীয় উদ্দেশ্যে আগত দর্শনার্থীদের তথ্যও প্রকাশ করা হয়েছে। প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা ছিল ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন।
একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনায় যাওয়া দেশীয় দর্শনার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন। তাদের মধ্যে সৌদি নাগরিক ছিলেন ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন বা ৪৯ দশমিক ২ শতাংশ। সৌদি নাগরিক নন এমন দর্শনার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন, যা ৫০ দশমিক ৮ শতাংশ।
জিএএসটিএটির পরিসংখ্যান অনুযায়ী, বছরের প্রথম প্রান্তিকে সৌদি আরবে ওমরাহ পালনে মানুষের আগ্রহ ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। দেশীয় ও আন্তর্জাতিক—দুই শ্রেণির ওমরাহ পালনকারীদের সংখ্যাই দেশটির ধর্মীয় পর্যটনের বড় পরিসরকে তুলে ধরেছে।