
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজ-এ একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে সরকার কাজ করছে। তিনি উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তিভিত্তিক নতুন গণমাধ্যমের দ্রুত প্রসারের সঙ্গে খাপ খাওয়াতে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব দূর করে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বরিশাল আদালতে বিচারক ও আইনজীবীদের মধ্যে সৃষ্ট মনোমালিন্য প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনো পুরোপুরি অবগত নন। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।