
জাতীয় নির্বাচন পরবর্তী সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আজ (সোমবার) বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতসহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকাল সাড়ে চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এর উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির শফিকুর রহমান–সহ ১১–দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য রাখবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হলেও ফলাফল প্রকাশ করা হয়েছে ২৯৭টি আসনের। ঘোষিত ফলাফলে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়। এর মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করে।
এ ছাড়া জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন এবং অপর একটি শরিক দল পেয়েছে ১টি আসন।
নির্বাচনের পর বিভিন্ন এলাকায় হামলা ও সহিংসতার পাশাপাশি কারচুপির অভিযোগ তোলে ১১–দলীয় জোট। একই সঙ্গে ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে নামার ঘোষণাও দেওয়া হয়েছে।