
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ (নড়াইল সদর ও কালিয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিশ্বাস জাহাঙ্গীর আলম মনোনয়ন পাওয়ায় কালিয়া উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে প্রার্থী ঘোষণার পর একই দিন রাতে কালিয়া শহরের প্রধান সড়ক ও বাজার এলাকায় আনন্দ মিছিল শুরু হয়। মিছিলে উপজেলা বিএনপির নেতা-কর্মী, যুব ও ছাত্র সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা উল্লাস প্রকাশ করে পতাকা, ব্যানার ও প্লাকার্ড হাতে ধারণ করেন এবং বিশ্বাস জাহাঙ্গীর আলমের বিজয় নিশ্চিত করতে সমর্থন জানান।
কালিয়া বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান মিলু বলেন, “আমাদের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম এই আসনে জনগণের আস্থা ও সমর্থন পাবেন। তার মনোনয়ন আমাদের জন্য একটি নতুন উদ্দীপনা এবং নির্বাচনী প্রস্তুতির প্রেরণা।”
মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীরা পথসভা করে স্থানীয় জনগণকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে সচেতন থাকার বার্তা দেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, উপজেলা বিএনপির নেতা রেজাই রাব্বি কামাল, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান মনা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ সিহাবউদ্দীন, যুবদল নেতা আর্মস্ট্রং সরদার, মোঃ হাছিবুর শেখ, মহিলা দল নেত্রী সুলতানা পারভীন, ছাত্রনেতা রাকিবুজ্জামান পাপ্পুসহ স্থানীয় নেতৃবৃন্দরা ।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।