
এ বছর (২০২৫) নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
নরওয়ের রাজধানী অসলো থেকে শুক্রবার (১০ অক্টোবর) এক ঘোষণায় নোবেল কমিটি জানায়,
“ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামের জন্য মারিয়া কোরিনা মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়েছে।”
৫৭ বছর বয়সী মাচাদো পেশায় ছিলেন একজন প্রকৌশলী। পরবর্তীতে তিনি রাজনীতিতে যোগ দেন এবং ভেনিজুয়েলায় মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও নির্বাচনী স্বচ্ছতা প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের কঠোর সমালোচক এবং গণতন্ত্রপন্থী আন্দোলনের অন্যতম মুখপাত্র হিসেবে পরিচিত।
নোবেল কমিটির মতে, মাচাদোর সাহস ও নেতৃত্ব ভেনিজুয়েলায় পরিবর্তনের আশাকে নতুনভাবে জাগিয়ে তুলেছে।