
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা সব মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়েছে। এতে তিনি এখন মামলার জটিলতা থেকে সম্পূর্ণ মুক্ত এবং চাইলে বিনা বাধায় দেশে ফিরতে পারবেন। সরকারও প্রয়োজনে তার ভ্রমণ নথি বা পাসপোর্ট সংক্রান্ত বিষয়গুলো সমাধানের উদ্যোগ নেবে বলে জানিয়েছে।
বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় খালাসের রায় আপিলেও বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। এর ফলে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল থাকল।
রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে শেখ হাসিনা অন্যায়ভাবে তারেক রহমানকে এই মামলায় জড়িয়েছিলেন। তিনি জানান, সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে তারেক রহমান নির্দোষ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রয়োজনে সরকার তার ভ্রমণ নথি সংক্রান্ত সমস্যার সমাধান করবে।
২০০৮ সাল থেকে লন্ডনে অবস্থান করছেন তারেক রহমান।