
পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকার ধানমন্ডি এলাকায় দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনার প্রতিবাদে নড়াইলের কালিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় উপজেলা সদরের লেগুনা স্ট্যান্ড এলাকায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ খাইরুল ইসলাম চৌধুরী ও মোঃ রমিম সরদার।
মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে রাজধানীসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে তিন দিনের ‘কলম বিরতি’ কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য দেন সাংবাদিক ফসিয়ার রহমান, মোঃ জিহাদুল ইসলাম, মোঃ বাবর আলী, চৌধুরী মনিরুজ্জামান, ইমরান হোসেন, রমিম সরদারসহ অন্যান্য সাংবাদিকরা।