
যশোর জেলা ও উপজেলার সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তিনদিনব্যাপি প্রশিক্ষণের আয়োজন করেছে।
আজ শনিবার (২০ জুন) মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক প্রশিক্ষণে ৭০ জন সাংবাদিক অংশগ্রহন করেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি।
দুটি সেশনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২২ জুন প্রশিক্ষণ কর্মশালার সমাপন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, যশোর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।
প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।
সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করার ওপর গুরুত্ব দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নীতি, নৈতিকতা এবং দায়িত্ব বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে। এছাড়া সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ ও কৌশলী হতে হবে।