
বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
গত রবিবার (২৪ মে) রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মোঃ ইয়াসিন আরাফাত, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ শাহজাহান খান সাজু, যুগ্ম সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম পিকুল, লাকি হুসাইন, সাংগঠনিক সম্পাদক এস.এম. ইরফানুল বারী উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী ইয়াজুর রহমান বাবু, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান জাহান ও মোঃ শফিকুল ইসলাম।
ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমি বলেন, “বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) একটি গণমানুষের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে দেশের তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নড়াইল জেলায় দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া হবে।
তিনি আরও বলেন, রাজনীতিতে সৎ, মেধাবী, দায়িত্বশীল ও নেশামুক্ত ব্যক্তিদের সম্পৃক্ত করার মাধ্যমে একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে এনসিপি কাজ করবে। জেলার প্রতিটি পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পাশাপাশি জনগণের অধিকার, উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দল সক্রিয় ভূমিকা পালন করবে।