
মুসলিমদের জন্য সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ দিন হলো শুক্রবার। এ দিনকে কোরআন ও হাদিসে ‘সপ্তাহের শ্রেষ্ঠ দিন’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। জুমার সওয়াব ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই মর্যাদাপূর্ণ। এমনকি কোরআনে “সুরা জুমা” নামে একটি স্বতন্ত্র সুরাও নাজিল করা হয়েছে, যা এ দিনের গুরুত্ব প্রকাশ করে।
ইসলামী দৃষ্টিতে জুমার দিনে কিছু বিশেষ আমল ও শিষ্টাচার রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— গোসল করা, সুগন্ধি ব্যবহার, পরিষ্কার পোশাক পরিধান, মিসওয়াক করা এবং গায়ে তেল ব্যবহার। এছাড়া মসজিদে আগে গিয়ে বসা, ইমামের দিকে মুখ করে খুতবা শোনা ও সম্পূর্ণ মনোযোগী থাকা অত্যন্ত জরুরি।
খুতবার সময় অযথা কথা না বলা, কাউকে বিরক্ত না করা এবং সামনের কাতারে যাওয়ার জন্য অন্যকে কষ্ট না দেওয়ার নির্দেশনা রয়েছে। একইভাবে, খুতবা চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে বসার আগে দুই রাকাত ‘তাহিয়্যাতুল মাসজিদ’ আদায় করাও সুন্নত।
জুমার দিনে সুরা কাহফ পাঠ, অধিক দুরুদ শরিফ পাঠ, বেশি বেশি দোয়া করা এবং তাসবিহ-তাহলিলে সময় কাটানো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া জুমার ফরজ নামাজের পর সুন্নত ও নফল নামাজ আদায় করার ব্যাপারেও হাদিসে নির্দেশনা পাওয়া যায়।
ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে, শুক্রবার মুসলমানদের জন্য এক বিশেষ বরকতের দিন। তাই এ দিনের আদব-শিষ্টাচার মেনে চলা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত জরুরি।