চিত্রা নদীতে ডুবে দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার, অপরজন নিখোঁজ
মোঃ মাসুমার রহমান স্টাফ রিপোর্টার
প্রকাশের সময় :
শনিবার, ২৮ মার্চ, ২০২৬
২১০
বার পঠিত
নড়াইলের কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে ডুবে দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপর শিশু এখনও নিখোঁজ রয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুরের দিকে বাড়ির পাশের চিত্রা নদীর পাড়ে খেলতে গিয়ে আরিয়া (৭) ও রাফিয়া (৬) নামে দুই শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়। তারা দু’জনই মহিষখোলা গ্রামের বাসিন্দা। আরিয়া প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে এবং রাফিয়া এনায়েত শেখের মেয়ে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে খেলতে থাকা দুই শিশুকে দীর্ঘ সময় ধরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় নদীতে তল্লাশি চালানো হয়। পরে পাশ্ববর্তী যাদবপুর খেয়াঘাট এলাকা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
এদিকে নিখোঁজ শিশু আরিয়াকে উদ্ধারে স্থানীয়রা নদীতে তল্লাশি অব্যাহত রেখেছেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ শিশুটির সন্ধান পাওয়া যায়নি। কালিয়ায় ডুবুরি দল না থাকায় খুলনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল রাতে নড়াইলে পৌঁছাবে এবং রোববার (২৯ মার্চ) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করবে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হলেও অন্যজনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।