
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল সদর উপজেলায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় নড়াইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাইজপাড়া কলেজ মাঠে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু উপকারভোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি. এম. রাহসিন কবির।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাইজপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবীর কুমার বিশ্বাস, মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবুরা খাতুন বেলি, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, সরকারের সহায়তা কার্যক্রম যাতে সঠিকভাবে তৃণমূল পর্যায়ে পৌঁছে যায়, সে জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল-২ আসনের ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ১৯৮টি ওয়ার্ডে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত প্রায় ১০ লাখ টাকা সমভাবে গরীব, অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রায় ৭০০টি শাড়িও অসহায় নারীদের মাঝে প্রদান করা হচ্ছে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়তা ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফোটায়।