
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দুই শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘পূর্বাচল কেয়ার’।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার ইছাপুর বাজার এলাকায় সংগঠনটির কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণকৃত ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু ও পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল কেয়ারের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ, ট্রেজারার আয়েশা সীমা, প্রধান পৃষ্ঠপোষক ডা. দেলোয়ার হোসেন, সমাজসেবক রাসেল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মহসীন ভূঁইয়া, মাহাবুর রহমান, মোক্তার মাস্টারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে পূর্বাচল কেয়ার তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।