নড়াইল জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) বিকালে নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকরামুল ইসলাম শাওনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, উপজেলা নির্বাহী অফিসার সদর টি. এম. রাহসিন কবির।
সম্মেলনে নড়াইল জেলার তিনটি উপজেলা থেকে আগত ইমাম অংশগ্রহণ করেন। বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে বাস্তবতা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে দেশে স্বৈরতন্ত্রের পথ বন্ধ হবে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা আরও সুদৃঢ় হবে।
বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দেশ গঠনের প্রতিটি পর্যায়ে আলেম সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আসন্ন গণভোটের প্রচার ও ভোটারদের কেন্দ্রমুখী করতে ইমাম ও মুয়াজ্জিনরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।