
নড়াইলের কালিয়া উপজেলায় নবনির্মিত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জুমার নামাজ আদায় করা হয়েছে।
জুমার নামাজে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মুসল্লি মসজিদে উপস্থিত হন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়।
অল্প সময়ের মধ্যেই মসজিদের ভেতর ও আশপাশের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি শান্তিপূর্ণ পরিবেশে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে অনেক মুসল্লিকে দৃষ্টিনন্দন মসজিদের বিভিন্ন অংশে দাঁড়িয়ে ছবি ও সেলফি তুলতে দেখা যায়।
জুমার নামাজে ইমামতি করেন মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি ওহিদুজ্জামান সর্দার।

খুতবার আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি ইসলামি শিক্ষা, নৈতিকতা চর্চা ও ধর্মীয় সংস্কৃতি বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে। তিনি বলেন, এই মসজিদ ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার পাশাপাশি সমাজে শৃঙ্খলা ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. ইকরামুল ইসলাম শাওন, উপজেলা নির্বাহী অফিসার মো. জিন্নাতুল ইসলাম, কালিয়া বিএনপির সাধারণ সম্পাদক স ম ওহিদুজ্জামান (মিলু), বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মুসল্লিগণ।
উল্লেখ্য, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কালিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।