
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। পরে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান ঘটনাটি নিশ্চিত করেন।
তিনি জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনজন যুবক একটি মোটরসাইকেলে করে এসে ইসি ভবনের দিকে ককটেল নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়। পরে পালানোর সময় পুলিশ শুভ (১৭) নামের এক যুবককে হাতেনাতে আটক করে।
ডিসি আরও বলেন, আটক যুবকের কাছ থেকে কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে।
তিনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনের আগে এমন ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।