
শিক্ষকদের আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে নড়াইল জেলার সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস রয়েছে।
আজ শনিবার (২৫ অক্টোবর) নড়াইলের বরাশুলা ক্যাডেট ফাজিল মাদ্রাসা, রতডাংগা মাধ্যমিক বিদ্যালয়, গোবরা পার্বতী বিদ্যাপীঠ, শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসা, গোবরা মিত্র কলেজ, হাবিবুল আলম বীরপ্রতিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজসহ জেলার প্রায় সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলার আন্দোলন সমন্বয়ক ও শিক্ষক নেতা মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা শতকরা ২০ ভাগ বাড়ি ভাতা সহ বিভিন্ন যৌক্তিক দাবিতে আন্দোলন করেছিলাম। সরকার আমাদের কিছু দাবি মেনে নিয়েছে, এজন্য আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। তবে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ক্লাসের যে ক্ষতি হয়েছে, তা পূরণের লক্ষ্যে প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজী স্যারের আহ্বানে সাড়া দিয়ে শনিবারেও ক্লাস চালু রেখেছি।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই উদ্যোগে অংশ নেওয়ার জন্য নড়াইল জেলার সকল শিক্ষক-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।