
এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকের গুঞ্জন এখনও থামেনি, এর মধ্যেই সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে অবস্থান করছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি ঢাকা থেকে একদিনের সফরে কক্সবাজারে অবস্থান করছেন।
জানা গেছে, সফরসূচি অনুযায়ী পিটার হাস মহেশখালী উপজেলার ৩০ শয্যাবিশিষ্ট হোপ এক্সেলেরেট হাসপাতাল পরিদর্শন করবেন এবং সেখানে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS-158 ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে আসবেন।
এর আগে, গত ৩০ আগস্ট এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত।
প্রসঙ্গত, গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের নিয়ে গঠিত হয় নতুন রাজনৈতিক দল এনসিপি। গত ৫ আগস্ট এনসিপির কয়েকজন শীর্ষ নেতা কক্সবাজারে গিয়ে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তখন থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলে।
তবে এবারে কোনো গুঞ্জন নয়, সত্যিই কক্সবাজার সফরে রয়েছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।