
নড়াইলের কালিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আলামিন শেখ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা দুলু শেখ (২৫) ও নয়ন শেখ (২০) নামে দু’জন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারের তুষারের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলামিন শেখ দক্ষিণ যোগানিয়া গ্রামের মসলে উদ্দিন এর ছেলে। আহত দুলু ও নয়ন শেখ একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলামিনের শুক্রবার (৭ মার্চ) বেলা ৩ টায় সৌদি আরব যাওয়ার ফ্লাইট থাকায় বৃহস্পতিবার রাতে দুলু শেখ ও নয়ন শেখকে সাথে নিয়ে চুল-দাড়ি কাটার জন্য উপজেলার নড়াগাতী থানার যোগানিয়া বাজারে যান। পরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে যোগানিয়া তুষারের মোড় এলাকায় পৌছালে একজন মহিলা রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের সামনে চলে আসে। এসময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আলামিনসহ দুলু ও নয়ন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আলামিনকে মৃত ঘোষণা করেন। দুলু ও নয়নকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়েছে।
এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম জানান, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।