
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবার লাঠির আঘাতে আইরিন আক্তার (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গোমস্তাকান্দি এলাকয় এ ঘটনা ঘটে।
নিহত আইরিন ওই এলাকার ফরহাদ গোমস্তার মেয়ে ও সরকারী বরহামগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর গ্রামের ফরহাদ গোমস্তা ও তার স্ত্রী নাজমা বেগমের সঙ্গে তাদের কলেজ পড়ুয়া মেয়ে আইরিন আক্তার (১৭) মুক্তিকে নিয়ে স্বামী-স্ত্রী দুজনের মাঝে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফরহাদ গোমস্তা তার পাশে থাকা মেয়ের মাথায় আঘাত করে, ওই ছাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার বলেন, সকালে মেয়েটিকে তার মা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই মেয়েটি মারা যায়।
নিহত কলেজ ছাত্রী মা নাজমা বেগম বলেন, আমার মেয়ে হত্যার সঠিক বিচার চাই। আমার মেয়ে সম্পূর্ণ নির্দোষ।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকতার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বাবা পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।