
নড়াইলের নড়াগাতীতে টেস্ট পরীক্ষায় ফেল করায় আব্দুর রহিম (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে নড়াগাতী থানার ডুমুরিয়া সোসাইঘাট এলাকার কাছে একটি বাগানে গাছের সাথে ঝুলে থাকা তার মরদেহ উদ্ধার করে স্বজন ও স্থানীয়রা।
নিহত শিক্ষার্থী আব্দুর রহিম ডুমুরিয়া গ্রামের মোঃ ফুরকান মোল্লার ছেলে। সে যোগানিয়া ডি এন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
পরিবার ও সহপাঠী সূত্রে জানা যায়, এসএসসির টেস্ট পরীক্ষায় প্রস্তুতি ভালো না থাকায় ৭ বিষয়ে ফেল করে আব্দুর রহিম। যার কারণে এস এস সি পরীক্ষার জন্য ফরম ফিলাপ করতে পারবে না। এ ঘটনা নিয়ে পরিবারের ভয়ে কাউকে কিছু না জানিয়ে বুধবার ফজরের নামাজের পর বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে বাড়ির লোকজন তাঁকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির পাশের বাগানে গাছের সাথে রশি লাগানো ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।