
ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের নড়াইলের লোহাগড়ার সি এন্ড বি চৌরাস্তা মোড় এলাকায় পরিবহন বাস ও মোটরসাইকেল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা পিতা মো: খাঁজা বিশ্বাস (৪০) ও পুত্র মো: রিয়ান বিশ্বাস (১৪) গুরুতর আহত হয়েছে। পূত্রের অবস্থা আশংকাজনক।
আহত পিতা খাঁজা বিশ্বাস ও পুত্র রিয়ান বিশ্বাস লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের গাঁগাঁ পশ্চিমপাড়া (নতুনপাড়া) গ্রামের বাসিন্দা। খাঁজা বিশ্বাস মৃত. ইবাদত বিশ্বাসের ছেলে।
খাঁজা বিশ্বাস একজন চাউলের মিল ব্যবসায়ী এবং পুত্র ইতনা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্বজন সূত্রে জানা গেছে, মিলের কাজ শেষ করে পিতা খাঁজা বিশ্বাস ও পূত্র পরিবারের জন্য ঈদের জামাকাপড় কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে বাড়ি আসার পথে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৬জুন) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা লিটন ট্রাভেলসের পরিবহন বাসটি লোহাগড়া সি এন্ড বি চৌরাস্তা মোড় এলাকায় দ্রুত গতিতে আসে, অপরদিকে লোহাগড়া বাজার রোড থেকে আসা মোটরসাইকেলটি ইতনা রোডে যাওয়ার জন্য মেইন রোড ক্রসিং করতে গেলে অপরপ্রান্ত থেকে আসা পরিবহন বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা পিতা-পুত্র বাসের ধাক্কায় পিজের রাস্তায় ছিটকে পড়ে গুরুতর (জখম) আহত হয়। এ সময় স্থানীয়রা আহত দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে স্বজন সূত্রে জানা গেছে, আহত দুজনকে ঢাকা ডেলটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এ সময় ঘাতক পরিবহন বাসটিকে থানায় জব্দ করা হয়েছে। বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার দুর্ঘটনার সাথে সাথে পালিয়ে যায়। তিনি আরও বলেন এ ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।