
মো. রাসেল শেখ:নড়াইলে বস্তা পদ্ধতিতে সবজি চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা। রাস্তার পাশে অনাবাদি ও অকৃষি জমিতে চাষাবাদ করা হচ্ছে বিভিন্ন প্রকার সবজি। চাষ অনুপযোগি এসব জমিতে সবজি চাষ করে কৃষকরা বেশ সফল হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা। সোমবার (১০ জুন) নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকায় নড়াইল-ফুলতলা সড়কের পাশে সরজমিন দেখা যায় বস্তা পদ্ধতিতে সবজি চাষের সরবারাহ। মাটিভরা বস্তায় সবজি গাছ লাগানো হয়েছে।
সারি সারি বস্তা শোভা পাচ্ছে রাস্তার পাশে। আর তার ওপরে মাচায় ঝুলছে করোলা, লাউ, কুমড়া, উসত্রে, জিঙ্গাসহ নানা প্রকার সবজি। ধোপাখোলা এলাকার কৃষক সুষম বিশ্বাস জানান, এ পদ্ধতিতে সবজি চাষ করে তিনি অনেক লাভবান হয়েছেন। ওই এলাকার কৃষক স্বপন বিশ্বাস বলেন, বস্তায় সবজি চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কৃষি বিভাগ কৃষকদের প্রণোদনা দেয়ার পাশাপশি এভাবে সবজি চাষে উদ্বুদ্ধ করছেন। এতে করে নড়াইলে দিন দিন বস্তা পদ্ধতিতে সবজি চাষ জনপ্রিয় হয়ে উঠছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মো. আশেক পারভেজ বলেন, কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশ এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে, সে আদেশ প্রতিপালনে বস্তা পদ্ধতিতে সবজি চাষের মত এ ধরনের উদ্যোগ ও কার্যক্রম সবসময় অব্যহত থাকবে।