
নড়াইলের লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. মশিয়ার শেখ (৩২) ও মো. বোরহান শেখ (৩৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক এস আই মো. সাইফুল ইসলাম।
গ্রেফতার মশিয়ার শেখ নড়াইল জেলার লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামের মৃত. ওদুদ শেখের ছেলে এবং বোরহান শেখ লোহাগড়া পৌরসভার রাজুপুর গ্রামের মোতালেব শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ জুন) রাত ৮ টার দিকে লোহাগড়া পৌরসভার খলিশাখালি গ্রামের ইমরান মাস্টারের বাড়ি থেকে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. ছাব্বিরুল আলমের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক শিমুল কুমার দাসের নেতৃত্বে এসআই মো. সাইফুল ইসলাম ও এ.এস.আই সুশান্ত কুমার রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা আরও গেছে, গ্রেফতারকৃত মশিয়ার শেখ ও বোরহান শেখের নামে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
এ ছাড়াও জানা গেছে, মো.মশিয়ার শেখের নামে ১০ টারও বেশি মামলা আছে।