
নড়াইল প্রতিনিধি: নড়াইলে বাংলাদেশ পুলিশের অধস্তন বিভিন্ন পদে পদোন্নতির লক্ষ্যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) নড়াইল জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র), নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা এতে অংশ নেন।
পরীক্ষায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কুইক টার্নআউট, মার্চিং, সশস্ত্র সালাম ও স্যালুটসহ প্যারেড-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দক্ষতা যাচাই করা হয়। পাশাপাশি তাঁদের চাকরির খতিয়ান পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার। বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই আলম সিদ্দিকী, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং নড়াইল পুলিশ লাইন্সের আরআই বিএম শাহাদৎ হোসেন।
বাংলাদেশ পুলিশের নিয়মিত বিভাগীয় পদোন্নতি কার্যক্রমের অংশ হিসেবে এ পরীক্ষা আয়োজন করা হয়। এর মাধ্যমে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়।