
অপরাধ নিয়ন্ত্রণে জনগণকেও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজার প্রাঙ্গণে সদর থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় পুলিশ সুপার বলেন, চুরি-ডাকাতি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও জুয়ার মতো অপরাধের পাশাপাশি অনলাইন প্রতারণা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিং, সামাজিক বিরোধ ও পারিবারিক সহিংসতা প্রতিরোধেও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, অপরাধ ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে অপরাধের আগেই তা প্রতিরোধ করা বেশি গুরুত্বপূর্ণ। এজন্য স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সন্দেহজনক কর্মকাণ্ড বা অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার আরও বলেন, নড়াইল জেলা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনগণের সহযোগিতা ও সঠিক তথ্য পেলে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল সরোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।