
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার দুপুর ২টায় পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের আয়োজন করেছে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষাক্ষেত্রে অবদান রাখা কৃতি শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহিত ও সম্মানিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্যাপ্টেন এম মোশতাক আলী, প্রতিষ্ঠাতা, মধুমতি আদর্শ বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে থাকবেন মোঃ মিজানুল ইসলাম, সাবেক চিফ রিজিওনাল ম্যানেজার, বাংলাদেশ কৃষি ব্যাংক এবং অধ্যাপক কাজী নাফিউল মজিদ, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মল্লিক মাহমুদুল ইসলাম, চেয়ারম্যান, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ সাফল্যের জন্য অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষকদেরও আরও উৎসাহের সঙ্গে দায়িত্ব পালনে ভূমিকা রাখবে।