
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও অভিভাবকদের সম্পৃক্ততা বাড়াতে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার( ২৮ জুলাই) বিদ্যালয় হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলা চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল ও ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল ইসলাম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, সৎ, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার পাশাপাশি প্রযুক্তির সঠিক ব্যবহারে উৎসাহিত করতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর।