
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে প্রথম স্থান অর্জন করায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অঙ্গীভূত আনসার সদস্যের সন্তান মো. বাচ্চু রহমানকে সংবর্ধনা দিয়েছে যশোর জেলা আনসার ও ভিডিপি।
সোমবার (৬ জুলাই) দুপুরে যশোর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি অঙ্গীভূত আনসার সদস্য নজরুল ইসলামের ছেলে এবং ৪৭তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অনুষ্ঠানে যশোর জেলা কমান্ড্যান্ট ও উপপরিচালক মাজহারুল ইসলাম ভূঁইয়া বলেন, একজন আনসার সদস্যের সন্তানের এমন সাফল্য পুরো বাহিনীর জন্য গর্বের। তিনি আশা প্রকাশ করেন, এ অর্জন বাহিনীর সদস্য ও তাদের সন্তানদের শিক্ষা, মেধা বিকাশ এবং দেশসেবায় আরও উৎসাহিত করবে।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. বাচ্চু রহমান তার এ সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদানকে সর্বাধিক গুরুত্ব দেন। তিনি বলেন, বাবার কর্মনিষ্ঠা, শৃঙ্খলা, সততা ও ত্যাগের শিক্ষা তাকে সবসময় অনুপ্রাণিত করেছে। পাশাপাশি পরিবারের সহযোগিতা ও সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে তিনি কাঙ্ক্ষিত এ সাফল্য অর্জন করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও সফল কর্মজীবন কামনা করা হয়।