
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন পিরোলী খানকাপাড়া যুব সংঘের সেক্রেটারি ও সাংবাদিক তানভীর হাসান বাপ্পী। আগামী প্রজন্মের শিশু-কিশোরদের সঙ্গে নিয়ে একটি পাকড় গাছের চারা রোপণ করেন তিনি।
ঈদের দিন নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী এলাকায় চিত্রা নদীর তীরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরেন।
তানভীর হাসান বাপ্পী বলেন, সঠিকভাবে পরিচর্যা করা হলে একটি গাছই একসময় মানুষের আশ্রয়স্থল হয়ে উঠতে পারে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই পাকড় গাছটি বড় হয়ে একদিন পথচারীদের ছায়া দেবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার মাধ্যমে পরিবেশ রক্ষার গুরুত্ব আরও জোরালোভাবে তুলে ধরা সম্ভব।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধিতে এমন ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের পথ দেখাতে পারে।