
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন (৫২) ও তার ছেলে ছাত্রলীগ নেতা হাসান নিহাল (২৮)কে আটক করেছে পুলিশ।
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে পলাতক থাকার পর (১৬ আগস্ট) শনিবার দুপুরে চট্টগ্রামের খুলশী থানাধীন একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করে লামা থানা পুলিশের একটি টিম।
আটক সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন লামা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তার ছেলে হাসান নিহাল আজিজনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার পরিবার আজিজনগর ইউনিয়ন ছেড়ে পালিয়ে ছিল।
বান্দরবানের লামা উপজেলার আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ মোরশেদ জানান, পুলিশ সুপারের নির্দেশে চট্টগ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়, এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী এলাকায় অবস্থানরত জসিম উদ্দিন ও হাসান নিহালকে আটক করা হয়।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, জসিম উদ্দিন ও হাসান নিহালের বিরুদ্ধে বান্দরবান সদর থানা ও লামা থানায় একাধিক মামলা রয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।