
পুলিশ সদস্যদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনে ডোপটেস্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ এলে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। প্রয়োজনে ডোপটেস্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মাদক ব্যবসায়ী বা পাচারকারী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে বিজিবিও দায়িত্ব পালন করছে। নড়াইল জেলায় চুরি, ছিনতাই ও মাদকের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে জেলা পুলিশকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় নড়াইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয়।
সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু, সাংবাদিক আজিজুল ইসলাম, খায়রুল আরেফিন রানা ও আবদুস সাত্তারসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে বিট পুলিশিং কার্যক্রম পুনরায় চালু, পুলিশের টহল জোরদার এবং মাদকের বিরুদ্ধে অভিযান আরও বাড়ানোর দাবি জানান সাংবাদিকরা।