কালিয়ায় প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা
কালিয়া, অফিস:
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
২৬১
বার পঠিত
নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের কল্যাণে অবদান রাখায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা জানানো হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিদ্যালয় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসাবুল শেখসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হীরার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর দায়িত্বশীলতা, নিষ্ঠা, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের সুশিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে ভূমিকার প্রশংসা করেন।
বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও একজন শিক্ষকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অমলেন্দু হীরা দীর্ঘদিন দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
বিদায়ী প্রধান শিক্ষক অমলেন্দু হীরা তাঁর বক্তব্যে দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা কামনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অমলেন্দু হীরাকে সম্মাননা উপহার প্রদান করা হয়। পরে শিক্ষক ও সংশ্লিষ্টদের উদ্যোগে তাঁকে একটি প্রাইভেটকারযোগে সম্মানের সঙ্গে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।