
স্টাফ রিপোর্টার: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬’ প্রতিযোগিতা। তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক করা হয়েছে। একজন খেলোয়াড় সর্বোচ্চ দুইটি ইভেন্টে অংশ নিতে পারবে, তবে দলগত ইভেন্টের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম প্রযোজ্য হবে।
এবারের আসরে মোট ৮টি ইভেন্ট রাখা হয়েছে। এগুলো হলো—ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার। প্রতিযোগিতাগুলো চারটি ধাপে অনুষ্ঠিত হবে—ইউনিয়ন, উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়।
আবেদনের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে। আবেদন গ্রহণ চলবে ১২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে মেডেল, ট্রফি ও সনদপত্র। এছাড়াও জাতীয় পর্যায়ে নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।
আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় তৈরি করবে।
আবেদন লিংকঃ https://notunkurisports.gov.bd/registration.php