
নড়াইলের কালিয়া উপজেলায় তরুণদের দক্ষতা উন্নয়নে “কম্পিউটার ও নেটওয়ার্কিং” বিষয়ক প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে এ বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক ও যুব নারীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র অফিস থেকে সংগ্রহ করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম এইচএসসি এবং নারীদের ক্ষেত্রে এসএসসি পাস হতে হবে। গ্রামীণ জনপদের পিছিয়ে পড়া যুবক-যুব নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ কোর্সটি মে মাস থেকে জুন মাস পর্যন্ত মোট দুই মাস (৪৪ কর্মদিবস) চলবে। ক্লাস অনুষ্ঠিত হবে কালিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে। প্রতিদিন দুই শিফটে প্রশিক্ষণ দেওয়া হবে সকাল ৯টা থেকে দুপুর ১টা এবং দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রতি শিফটে ২০ জন করে প্রশিক্ষণার্থী অংশ নিতে পারবেন।
আবেদনের শেষ তারিখ ১৪ এপ্রিল ২০২৬ নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীদের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদ, নাগরিক সনদ এবং শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে।
সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল ২০২৬ সকাল ১০টায়। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ম অনুযায়ী যাতায়াত ভাতা প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।