
নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে ৭৪০০ লিটার অবৈধ ডিজেল জব্দ ও জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নড়াগাতী ও কালিয়া থানা পুলিশের টিম সহযোগিতা করেন। এসময় ৭৪০০ লিটার ডিজেল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পিন্টু শেখ (৫৫) নামে এক ব্যক্তির কাছ থেকে ৯টি ব্যারেলে রাখা ১৮০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে খায়রুল শেখ (৪৫) নামের আরেক ব্যক্তির কাছ থেকে ২৮টি ব্যারেলে রাখা ৫৬০০ লিটার ডিজেল জব্দ করেন। এ ঘটনায় তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মোঃ জিন্নাতুল ইসলাম বলেন, জব্দকৃত মোট ৭৪০০ লিটার ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। বৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে এবং এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।