
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার নলদী ইউনিয়নের সুজাপুর ঈদগাহ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সামাজিক সংগঠন সুজাপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৩০টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, কিসমিস, গুঁড়ো দুধ, পোলাওয়ের চাল, ভোজ্য তেল ও নুডুলসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে সুজাপুর যুব সংঘের সভাপতি মো. রিয়াজুল ইসলাম (অন্তর), সাধারণ সম্পাদক ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি মো. হারুন মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।