
নড়াইল জেলার দুটি সংসদীয় আসনে অনুষ্ঠিত নির্বাচনে নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ধানের শীষ প্রতীক নিয়ে ১১২টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ওবায়দুল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন।
অন্যদিকে, নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। এছাড়া ধানের শীষের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। এ আসনে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন ভোটার।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম আনুষ্ঠানিকভাবে এ দুই আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।